খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মলঙ্গীপাড়া এলাকায় এক বাগান মালিকের প্রায় ২০ একর রেকর্ডীয় জমি জবরদখলের অভিযোগ উঠেছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল)-এর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, গত ২৭ থেকে ৩০ মে পর্যন্ত চার দিনে দিন–রাত কাজ করে ওই জমিতে একাধিক ঘর নির্মাণ করা হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার পরিচালক মো. সালাহউদ্দিনের মালিকানাধীন মিশ্র ফল ও পাহাড়ি বাগানের একটি অংশ দখল করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
অভিযোগে বলা হয়, স্থানীয় কয়েকজনের নেতৃত্বে বিপুল সংখ্যক লোকজন জমিতে প্রবেশ করে দ্রুত বাঁশ ও টিন দিয়ে বসতঘর নির্মাণ করে। সরেজমিনে অন্তত ১৫টি ঘর নির্মাণের তথ্য পাওয়া গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। পরবর্তীতে এসব ঘরে কয়েকটি পরিবার বসবাস শুরু করেছে বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পক্ষের দাবি, সশস্ত্র হামলা ও প্রাণনাশের আশঙ্কায় তারা ঘটনাস্থলে গিয়ে বাধা দিতে পারেননি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ব্যক্তি মালিকানাধীন ও বৈধভাবে রেকর্ডভুক্ত জমি দখলের ঘটনা অব্যাহত থাকলে ভূমি মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাবে। তারা এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগটি তাদের নজরে এসেছে। জমি দখলের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি বা ব্যক্তিমালিকানাধীন কোনো ভূমি অবৈধভাবে দখলের সুযোগ নেই বলেও তারা উল্লেখ করেন।
এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ, জমির মালিকানা যাচাই এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
(উল্লেখ্য: অভিযোগের বিষয়ে ইউপিডিএফের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।)
https://slotbet.online/