• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক / ৮৩ Time View
প্রকাশকাল : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করার পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ি ও আশপাশের কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করার পরামর্শ দেন। তাদের ছোট ছোট উদ্যোগ সমাজকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তুলতে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাতের সময় শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তারা কোন শ্রেণিতে পড়ছে, পড়াশোনার অবস্থা কেমন এবং ভবিষ্যতে কে কী হতে চায়- এসব বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার প্রয়োজন রয়েছে। পাশাপাশি সময়ের যথাযথ ব্যবহার করে নিজেদের একজন ভালো ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

প্রাণী ও জীবজন্তুর প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মানুষের পাশাপাশি চারপাশের অসহায় ও অবলা প্রাণীদের প্রতিও যত্নশীল হতে হবে। কোনো প্রাণীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করা উচিত নয়। প্রাণীর প্রতি মমতা ও দায়িত্বশীল আচরণ একটি মানবিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ।

এদিন ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী জাতীয় সংসদের অধিবেশন দেখতে সংসদ ভবনে যায়। তাদের সঙ্গে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক ও পরিচালনা কমিটির দুই সদস্য ছিলেন। অধিবেশন প্রত্যক্ষ করার সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও এলাকার অন্যদের মধ্যেও সচেতনতা তৈরিতে কাজ করার আগ্রহ প্রকাশ করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/