চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পুলিশের দাবি, পালানোর সময় মোটরসাইকেল থেকে ফেলে যাওয়া একটি ব্যাগে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।
বুধবার (১৭ জুন) দুপুরে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজসংলগ্ন এলাকায় স্থাপিত চেকপোস্টে এ ঘটনা ঘটে। পরে প্রায় ১০ কিলোমিটার দূরে গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।
নিহত যুবকের নাম শহীদ (৩২)। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরিফ আবদুল্লাহ (২৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী কালু ফকির পাড়ার নাজির হোসেনের ছেলে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বাঁশখালী থানার এসআই জামাল হোসেন, কনস্টেবল ওয়াসিম ও কনস্টেবল রাসেলসহ কয়েকজন সদস্য চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যায়।
এসআই জামাল হোসেনের দাবি, পালানোর সময় মোটরসাইকেল আরোহীরা একটি কমলা রঙের ব্যাগ ফেলে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, পুলিশ মোটরসাইকেলটির পিছু নিলেও একপর্যায়ে সেটি দৃষ্টির আড়ালে চলে যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি একটি স্পিডব্রেকার বা আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনার পর পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়।
তবে ঘটনাটি নিয়ে ধাওয়া-পিছু নেওয়ার বিষয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। পুলিশের দাবি, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, চেকপোস্ট এলাকায় ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
https://slotbet.online/