দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই। এ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকার উদ্বিগ্ন নয়।
রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করে। এটি তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।
এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় ঘটনাটি ঘটে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের নিজেদের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানান তিনি।
ঘটনাটির বিস্তারিত তদন্ত এখনো হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
https://slotbet.online/