চলতি বছরের জুন থেকে নভেম্বর মেয়াদে বিশ্বের ১৩টি দেশ ও অঞ্চলে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) যৌথ প্রতিবেদন হাঙ্গার হটস্পটসে (জুন-নভেম্বর ২০২৬) এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মূল ঝুঁকিপূর্ণ তালিকায় না থাকলেও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের পরিস্থিতিকে নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বাংলাদেশে চালসহ প্রধান খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে ১৩টি হটস্পটের মধ্যে সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন, ফিলিস্তিন, নাইজেরিয়া ও সোমালিয়াকে সর্বোচ্চ উদ্বেগের তালিকায় রাখা হয়েছে; আগের সংস্করণের তুলনায় নাইজেরিয়া ও সোমালিয়া নতুন যুক্ত হয়েছে। ২০২৬ সালে চারটি স্থানে দুর্ভিক্ষের ঝুঁকি চিহ্নিত হয়েছেÑ সুদানের ১৪টি এলাকা, দক্ষিণ সুদানের চারটি কাউন্টি, পুরো গাজা উপত্যকা ও সোমালিয়ার বুরহাকাবা জেলা। নাইজেরিয়ার বর্নো রাজ্যে বিপর্যয়কর পরিস্থিতির আশঙ্কা রয়েছে। জরুরি বা তদূর্ধ্ব পর্যায়ে থাকা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি ইয়েমেনেÑ ৫৫ লাখের বেশি; দেশটিতে মোট খাদ্য সংকটে রয়েছে ১ কোটি ৮৩ লাখ মানুষ।
১৩টির মধ্যে ১২টি অঞ্চলেই খাদ্য সংকটের প্রধান কারণ সশস্ত্র সংঘাত; ২০২৫ সালের জুন পর্যন্ত বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৭৩ লাখে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতে হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় গত মার্চে বিশ্ববাজারে জ্বালানির দাম এক মাসেই ৪০ শতাংশ এবং ফেব্রুয়ারি-মার্চে ইউরিয়া সারের দাম প্রায় ৪৬ শতাংশ বেড়েছে। বছরের দ্বিতীয়ার্ধে এল নিনোর প্রভাবে অসম বৃষ্টিপাত, খরা ও বন্যা কৃষি উৎপাদন ব্যাহত করতে পারে।
বিশ্বে প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকলেও ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে খাদ্য খাতে মানবিক সহায়তা ৫৯ শতাংশ কমেছে। গত জুন পর্যন্ত চলতি বছরের প্রয়োজনীয় তহবিলের মাত্র ৩৩ শতাংশ মিলেছে। সতর্কবার্তা অনুযায়ী সহায়তায় বড় ঘাটতি থাকলে ২০৩০ সাল নাগাদ বিশ্বে ২ কোটি ২৬ লাখ মানুষের বাড়তি মৃত্যু ঘটতে পারে, যার মধ্যে ৫৪ লাখ পাঁচ বছরের কম বয়সী শিশু। আধুনিক দুর্ভিক্ষ প্রায় সব ক্ষেত্রেই মানবসৃষ্ট ও প্রতিরোধযোগ্য উল্লেখ করে দ্রুত ও আগাম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থা দুটি।
নজরদারিতে বাংলাদেশ ও রোহিঙ্গা পরিস্থিতি
প্রতিবেদনে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতিসহ ১৪টি ক্ষেত্রকে নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারির হিসাব অনুসারে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা আনুমানিক ১২ লাখ। এর মধ্যে ২০২৫ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার ও ভাষানচরে প্রায় ৪ লাখ ৪৬ হাজার রোহিঙ্গা সংকটাপন্ন বা তার চেয়েও গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল; এর ২ লাখ ২৩ হাজার মানুষ ছিল জরুরি পর্যায়ে।
প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে আরও মানুষ বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসতে পারে। ২০২৪ সাল থেকে ইতোমধ্যে ১ লাখ ৪৬ হাজারের বেশি নতুন রোহিঙ্গা প্রবেশ করেছে। আর ২০২১ সালের শুরু থেকে মিয়ানমার ছাড়া ২ লাখ ৮৬ হাজারের বেশি মানুষের বেশিরভাগই বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মানবিক সহায়তার ওপর নির্ভরশীল এসব পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা তহবিল-সংকট ও মূল্যস্ফীতির চাপে আরও নাজুক হতে পারে।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বাংলাদেশের খাদ্যবাজার ও অর্থনীতির ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহব্যবস্থায় বিঘ্নের ফলে দেশে চালসহ প্রধান খাদ্যপণ্যের দাম বাড়ছে, আর সারের উচ্চমূল্য আসন্ন চাষাবাদের মৌসুমকে বাধাগ্রস্ত করতে পারে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলো থেকে প্রবাসী আয় ও সেসব দেশে রপ্তানি কমলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ২০২২ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের ২ হাজার ২০০ কোটি ডলার প্রবাসী আয়ের ৮০০ কোটি ডলারই এসেছিল উপসাগরীয় দেশগুলো থেকে।
https://slotbet.online/