স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঘিরে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ জুন) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ (সদর আমলি আদালত)-এর বিচারক মেহেদী হাসান তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম।
রেজানুর ইসলামের আইনজীবী তানজীম আল মিসবাহ জানান, দুপুরে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব আদালতকে জানান, ভুল বোঝাবুঝির কারণে মামলাটি হয়েছিল এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। পরে বাদীপক্ষও আসামির জামিনের পক্ষে মত দেয়।
বাদীপক্ষের আইনজীবী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে মামলাটি করা হলেও এ বিষয়ে প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে অবগত ছিলেন না এবং মামলার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না।
তিনি জানান, প্রতিমন্ত্রী ইতোমধ্যে একটি বিবৃতিতে স্পষ্ট করেছেন, তাঁর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা বা পদক্ষেপ গ্রহণ না করেন।
আবদুল ওহাব আরও বলেন, সাংবাদিক রেজানুর ইসলাম গ্রেপ্তার হওয়ার ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তাঁর নির্দেশনায় দুই পক্ষের আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও আপস-মীমাংসা হওয়ায় জামিনের উদ্যোগ নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে। শুক্রবার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে মানহানিকর তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় রেজানুর ইসলামসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদী ছিলেন স্থানীয় দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম।
এদিকে সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মহলে সমালোচনা ও প্রতিবাদ দেখা দেয়। সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, মন্ত্রীর অগোচরে তাঁর নাম ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলে তা গণমাধ্যমের জন্য নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করে। পরবর্তীতে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ, দুই পক্ষের সংলাপ ও সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান হওয়ায় মামলার প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন উঠেছে।
https://slotbet.online/