প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।
রোববার (৫ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা কিংবা পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।
মিজ ফরিদা খানম আরও বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে সুষ্ঠু পরীক্ষা আয়োজনের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনা এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কেন্দ্রসচিবদের সঙ্গে কথা বলে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
https://slotbet.online/