বৃষ্টিকে উপেক্ষা করে সিলেট থেকে মৌলভীবাজার পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতাকর্মী, চা শ্রমিক ও সাধারণ মানুষ। বুধবার সকাল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে সিলেট ও মৌলভীবাজার জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকালে সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় দেখা যায়, কারো হাতে গাঁদা ফুলের মালা, কারো হাতে ফুলের পাপড়ি ভর্তি ডালা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে অবস্থান নেন অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় সিলেট বিভাগ সফর। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহর নগরী অতিক্রম করার সময় লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
চৌকিদেখি পয়েন্টে ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া নগরীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। সাধারণ মানুষও সড়কের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে রাজনগর পর্যন্ত সড়কের দুই পাশে বৃষ্টিতে ভিজেই নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
পরে প্রধানমন্ত্রী সড়কপথে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের কল্যাণে ৫০টি পরিবারের জন্য ঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন। এ উপলক্ষে তিনজন উপকারভোগীর হাতে দুই লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অবশিষ্ট পরিবারের জন্য বরাদ্দকৃত অর্থ প্রশাসনের মাধ্যমে পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে তিনি জানান।
সভায় প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
https://slotbet.online/