• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :

সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব সেলিম উদ্দিন

অনলাইন ডেস্ক / ৮২ Time View
প্রকাশকাল : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে সরকার আন্তরিক হলে তা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির সর্বশেষ তথ্য ও বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, নাগরিকদের অভিযোগ জানানোর সুযোগ তৈরি করতে হবে এবং সেসব অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে। প্রতি মাসে কতগুলো অভিযোগ নিষ্পত্তি হয়েছে, তার হিসাবও প্রকাশ করা প্রয়োজন। সরকার এসব উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

তিনি জানান, গত ২৫ থেকে ৩১ আগস্ট ঢাকা মহানগর উত্তরে সপ্তাহব্যাপী ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় খাল পরিষ্কার, বর্জ্য অপসারণ এবং ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হয়।

জামায়াতের এই নেতা বলেন, ঢাকা মহানগর উত্তরের ৫৪টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। সাত দিনে ২৯০টি খাল ও ড্রেন পরিষ্কার করা এবং ২০৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এসব কাজে তাঁর নেতৃত্বে ২৫ হাজার ৮২৮ জন দলীয় স্বেচ্ছাসেবক অংশ নেন। সাধারণ মানুষও কর্মসূচিতে যুক্ত হন।

সরকারের প্রতি বিভিন্ন দাবি তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, ঢাকা শহরের খাল ও খেলার মাঠ কবে নাগাদ দখলমুক্ত করা হবে, সে বিষয়ে সিটি করপোরেশনকে সুনির্দিষ্ট সময়সীমা জানাতে হবে। কোন খালের কী অবস্থা এবং দখলের সঙ্গে কারা জড়িত, তাও প্রকাশ করতে হবে। আগামী বর্ষার আগেই সব ড্রেন শতভাগ পরিষ্কার করে এর তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে।

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশন চাইলে হকারদের জন্য ১০টি হলিডে মার্কেট চালু করতে পারে। মশা নিধনে মৌসুমি কার্যক্রমের পরিবর্তে সারা বছর কর্মসূচি চালাতে হবে। প্রতি মাসে মশা নিধন কার্যক্রমের হিসাব প্রকাশের পাশাপাশি ওয়ার্ডভিত্তিক কাজের তথ্যও উন্মুক্ত করা প্রয়োজন।

এ সময় আগামী ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে বর্জ্য থেকে তৈরি কলম শিক্ষার্থীদের উপহার দেওয়ার কথা জানান সেলিম উদ্দিন।

সিটি করপোরেশন নির্বাচন দখলদারি ও কারচুপিমুক্ত করতে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে সেলিম উদ্দিন বলেন, তাঁর উদ্যোগের মাধ্যমে প্রমাণ হয়েছে যে ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে সরকার সফল নয়। এর পেছনে দুর্নীতিবাজ নেতৃত্ব দায়ী বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও ইয়াসিন আরাফাত, প্রচার ও গণমাধ্যম সম্পাদক আতাউর রহমান সরকারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/