মানবজীবনে চোখের গুরুত্ব অপরিসীম। কিন্তু সামান্য ভুলের কারণে এ অঙ্গটির বড় ক্ষতি হতে পারে। আজকাল সারাদিন মোবাইল বা ল্যাপটপ ঘাঁটাঘাঁটি, মধ্যরাত পর্যন্ত টিভি দেখা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে চোখের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে। ফলে অল্প বয়সেই চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে অনেকের। এর মধ্যে চোখে ঝাপসা দেখা, কাছের বা দূরের জিনিস স্পষ্ট দেখতে না পাওয়া অন্যতম। এসব সমস্যার মূল কারণ হলো চোখের রিফ্র্যাক্টিভ এরর বা পাওয়ারের পরিবর্তন হওয়া, যা বড়দের পাশাপাশি শিশুর ক্ষেত্রেও সমানভাবে ঘটে থাকে। তবে যে কারণেই চোখের পাওয়ারের এই পরিবর্তন বা দৃষ্টির সমস্যা হোক না কেন, তা স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
শিশুর ক্ষেত্রে বাবা-মায়ের মাইনাস পাওয়ার থাকলে সন্তানেরও তা হওয়ার ঝুঁকি থাকে। তাই শিশু দূরের খেলনা ঠিকমতো চিনতে পারছে কিনা, কিংবা এক চোখ চেপে ধরলে অন্য চোখে স্পষ্ট দেখছে কিনাÑ তা পর্যবেক্ষণ করা প্রয়োজন। শিশুর অক্ষরজ্ঞান হওয়ার পর ‘স্নেলেন চার্ট’ বিভিন্ন দূরত্বে রেখে তার দৃষ্টিশক্তি পরীক্ষা করা যেতে পারে। যদি দেখা যায়, শিশু বই খুব কাছে নিয়ে পড়ছে, কাছ থেকে টিভি দেখছে, স্কুলের ব্ল্যাকবোর্ডের লেখা পড়তে পারছে না, কিংবা ঘন ঘন মাথাব্যথা, চোখব্যথা ও অঞ্জনিতে কষ্ট পাচ্ছে, তবে বুঝতে হবে তার চোখের পাওয়ারের পরিবর্তন হয়েছে। এই কম দেখাটা আসলেই পাওয়ারের সমস্যায় কিনা, তা নিশ্চিত করতে ঘরে একটি সহজ পরীক্ষা করা যায়। একটি কার্ডবোর্ডে পিন দিয়ে ছোট ছিদ্র করে শিশুকে এক চোখ বন্ধ রেখে দূরের কোনো জিনিসের দিকে তাকাতে বলতে হবে। এরপর জিনিসটি ওই ছিদ্রের ভেতর দিয়ে দেখতে দিতে হবে। যদি সাধারণ অবস্থার চেয়ে ছিদ্রের ভেতর দিয়ে সে জিনিসটি বেশি স্পষ্ট দেখে, তবে বুঝতে হবে তার চোখের পাওয়ার বদলে গেছে। শিশু যদি সোজা জিনিস বাঁকা, চৌকো জিনিস এবড়োখেবড়ো বা গোল জিনিস ডিম্বাকার দেখে, তবে ধরে নিতে হবে তার চোখে ‘সিলিনড্রিকাল পাওয়ার’ বা অ্যাস্টিগম্যাটিজম দেখা দিয়েছে। অন্যদিকে বড়দের ক্ষেত্রে চোখে কম দেখা বা ঝাপসা দেখার কারণ হলো চশমার পাওয়ারের পরিবর্তন। সাধারণত ৪০ বছর বয়সের পর স্বাভাবিক নিয়মে কাছের বইপত্র পড়ার জন্য প্লাস পাওয়ারের চশমা লাগে। তবে যারা আগে থেকে মাইনাস পাওয়ারের চশমা পরতেন, তারা এই বয়সে এসে হঠাৎ কাছের জিনিস পড়তে অসুবিধা বোধ করতে পারেন। কারণ চল্লিশোর্ধ্ব বয়সে কাছের পাওয়ার মূলত দূরের পাওয়ারের ওপর নির্ভর করে। যেমনÑ কারও কাছের পাওয়ার এবং দূরের পাওয়ার দুটোই যদি প্লাস ওয়ান হয়, তবে তার চশমার কাছের পাওয়ার দাঁড়াবে প্লাস টু। আবার দূরের পাওয়ার যদি মাইনাস ওয়ান হয়, তবে কাছের প্লাস ওয়ান পাওয়ারের সঙ্গে তা মিলে শূন্য হয়ে যাবে। ফলে তিনি খালি চোখেই চমৎকারভাবে বই পড়তে বা সুচে সুতা পরাতে পারবেন। অনেক সময় দেখা যায়, যাদের ৪০ বছর বয়সে বই পড়তে প্লাস চশমা লাগত, তারা ৫০ বছরের পর হঠাৎ খালি চোখেই সব পড়তে পারছেন। এমনটি হলে খুশী না হয়ে দ্রুত পরীক্ষা করা উচিত। কারণ ডায়াবেটিস কিংবা চোখে ছানি পড়ার কারণে চোখে খানিকটা মাইনাস পাওয়ার চলে আসে, যা সাময়িকভাবে আগের প্লাস পাওয়ারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। তাই চোখের বিষয়ে নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে একজন চোখের রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
লেখক : প্রফেসর এবং চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন
চেম্বার : আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা
হটলাইন : ০১৮২৫৮০৬৯১, ০১৫৫২৪০৯২৬
https://slotbet.online/