চট্টগ্রাম বন্দরের কাছ থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। চসিকের ইতিহাসে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২৯ জুন) দুপুরে নগরীর টাইগারপাসে অবস্থিত চসিক কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ, ধারাবাহিক আলোচনা এবং প্রশাসনিক তৎপরতার ফলে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দরের কাছ থেকে এ পরিমাণ কর আদায় চসিকের আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, আদায়কৃত অর্থ নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। এর ফলে নগরবাসী সরাসরি উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
চসিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের কাছে উল্লেখযোগ্য পরিমাণ হোল্ডিং ট্যাক্স বকেয়া ছিল। বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে বকেয়া কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগের অংশ হিসেবে এবার ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা পরিশোধ করেছে বন্দর কর্তৃপক্ষ।
চেক হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চসিকের কর্মকর্তাদের মতে, এ রাজস্ব আদায় সিটি করপোরেশনের আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং নগর উন্নয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নতুন গতি আনবে।
https://slotbet.online/