দিনাজপুরের বীরগঞ্জে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক মা ও তার তিন বছর বয়সী ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের ভাবকী পাঁচপীর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের তিন বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। আহত নাজমুল ইসলাম (৩২) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, ভোরে নাজমুল ইসলাম মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঠাকুরগাঁও জেলার উত্তর গড়েয়া এলাকায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে ঠাকুরগাঁওগামী একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় পিকআপটি ফাহিমা আক্তার ও শিশু আব্দুল্লাহর ওপর দিয়ে চলে যায়। পরে চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান।
বীরগঞ্জ থানার হাইওয়ে ডিউটিতে নিয়োজিত এসআই দেবাশীস রায় বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। ভোর হওয়ায় সড়কে লোকজন কম থাকায় ঘাতক পিকআপটি পালিয়ে যেতে সক্ষম হয়।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু বক্কর সিদ্দীক জানান, মা ও শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহত নাজমুল ইসলামকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে পলাতক পিকআপটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
https://slotbet.online/