চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় যুব সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।
সম্প্রতি গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গুইমারা থানার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়ায় শহীদ আফতাব কাদের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি। এ ছাড়া উপস্থিত ছিলেন গুইমারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন (পিপিএম), মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদা কলি, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব হোসেন এবং গুইমারার ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
সেমিনারে গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নয়জন উদীয়মান শিক্ষার্থী বক্তা হিসেবে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা প্রত্যন্ত অঞ্চলে নানা প্রতিকূলতা মোকাবিলা করে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন এবং দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাওয়ার অভিজ্ঞতা অন্য শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন।
আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ভবিষ্যৎ কর্মজীবন, পেশাগত দক্ষতা অর্জন এবং নিজেদের সম্ভাবনা বিকাশের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। একই সঙ্গে একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে তরুণ সমাজকে বাল্যবিবাহ, মাদকাসক্তি, গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানান তাঁরা।
আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রায় ১২০ থেকে ১৩০ জন অংশগ্রহণ করেন।
আয়োজকদের মতে, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মের ইতিবাচক বিকাশে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ যুব সেমিনার স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীসমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ ধরনের শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
https://slotbet.online/