ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার রাখার পরও মশা, মাছি ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা ও আর্দ্র আবহাওয়ায় এসব পোকামাকড়ের উৎপাত বাড়ে। এ সমস্যা কিছুটা কমাতে ঘরের বারান্দা, জানালা কিংবা উঠোনে কয়েক ধরনের সুগন্ধি গাছ লাগাতে পারেন। এসব গাছের প্রাকৃতিক গন্ধ কিছু পোকামাকড় দূরে রাখতে সহায়তা করে।
চলুন জেনে নেওয়া যাক, কোন পাঁচটি গাছ রাখতে পারেন বাড়িতে।
১. পুদিনা পাতা
রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর পাশাপাশি পুদিনা গাছ পোকামাকড়ের উপদ্রব কমাতেও সহায়ক হতে পারে। এর তীব্র সতেজ গন্ধ পিঁপড়া, মাকড়সা ও মশার মতো পোকামাকড়ের আনাগোনা কমাতে সাহায্য করে। বাড়ির দরজা, জানালা কিংবা বারান্দার পাশে ছোট টবে পুদিনা গাছ লাগাতে পারেন। সামান্য যত্নেই গাছটি দ্রুত বেড়ে ওঠে। একটি ছোট ডাল থেকেও নতুন গাছ তৈরি করা সম্ভব।
২. গাঁদা ফুলের গাছ
হলুদ ও কমলা রঙের গাঁদা ফুল বাড়ির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি কিছু ক্ষতিকর পোকামাকড় দূরে রাখতেও সাহায্য করে। বিশেষ করে সাদামাছি ও গাছের ক্ষতি করে এমন কিছু পোকা গাঁদা গাছের গন্ধ অপছন্দ করে। ছাদ কিংবা বারান্দায় এ গাছ লাগানো যায়। পর্যাপ্ত সূর্যের আলো পেলে গাঁদা গাছে প্রচুর ফুল ফোটে।
৩. তুলসী গাছ
তুলসী পাতার বিশেষ সুগন্ধ কিছু পোকামাকড় দূরে রাখতে সহায়তা করে। পাতায় থাকা প্রাকৃতিক সুগন্ধি উপাদান মশাসহ বিভিন্ন পোকামাকড়ের জন্য অপছন্দনীয়। বাড়ির উঠোন, বারান্দা কিংবা জানালার পাশে তুলসী গাছ লাগানো যেতে পারে। তবে গাছটির ভালো বৃদ্ধির জন্য পর্যাপ্ত সূর্যের আলো ও নিয়মিত পানি প্রয়োজন।
৪. লেমন গ্রাস
মশার উৎপাত কমাতে বাড়িতে লেমন গ্রাস লাগাতে পারেন। এর পাতায় লেবুর মতো সুগন্ধ থাকে, যা কিছু পোকামাকড় দূরে রাখতে সহায়ক। লেমন গ্রাস থেকে তৈরি সুগন্ধি তেল বিভিন্ন মশা প্রতিরোধক পণ্যেও ব্যবহার করা হয়। বাড়ির বারান্দা কিংবা উঠোনে এ গাছ লাগানো যায়। ভালোভাবে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন।
৫. ল্যাভেন্ডার গাছ
বেগুনি ফুল ও মন মাতানো সুগন্ধের জন্য ল্যাভেন্ডার বেশ পরিচিত। তবে এর সুগন্ধ অনেক পোকামাকড়ের অপছন্দ। ফলে বাড়ির বারান্দা, জানালা কিংবা প্রধান ফটকের পাশে এ গাছ রাখলে কিছু পোকামাকড়ের আনাগোনা কমতে পারে। ল্যাভেন্ডার গাছের জন্য পর্যাপ্ত সূর্যের আলো এবং পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকা জরুরি।
তবে মনে রাখতে হবে, এসব গাছ মশা-মাছি পুরোপুরি দূর করতে পারে না। পোকামাকড় নিয়ন্ত্রণে ঘরবাড়ি পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াও জরুরি।
https://slotbet.online/