প্রধানমন্ত্রীর সঙ্গে প্রস্তাবিত রাজনৈতিক সংলাপকে ঘিরে নতুন সমীকরণ দাঁড় করাতে চাইছে ১১-দলীয় ঐক্য। সংলাপে অংশগ্রহণ, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে জোটবদ্ধ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে এর শরিক দলগুলো।
সংলাপের পর সরকারের সঙ্গে সম্পর্কের ধরন কী হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে জোটের ভেতরে। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে সম্পর্ক কি কেবল নির্দিষ্ট দাবি ও কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি ফ্যাসিবাদবিরোধী, জাতীয় রাজনীতি, প্রশাসনিক সিদ্ধান্ত, রাষ্ট্র সংস্কার, নির্বাচনী ইস্যুসহ সব বিষয়েই দলগুলো অভিন্ন অবস্থান নেবেÑ তা নিয়ে চলছে দলগুলোর মধ্যে ব্যাপক আলোচনা।
এমন প্রেক্ষাপটে জোটের শরিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে ঐকমত্যের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ২৬ নভেম্বর জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের বৈঠকের পর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে সংলাপে ১১ দল এক সঙ্গেই অংশ নেবে। নির্বাচন কমিশনের সঙ্গেও জোটবদ্ধভাবে আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য কমিশনের কাছে পৃথক সময় চাওয়া হবে। সংলাপের বিষয়ে এসব সিদ্ধান্তের মধ্য দিয়ে জোটের অভিন্ন অবস্থান স্পষ্ট হয়েছে।
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও জাতীয় ঐক্যের প্রশ্নে গণভোটের গণরায় বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন। গতকাল শনিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। গণভোটের গণরায় কালক্ষেপণ না করে কার্যকর করতে হবে। অন্যথায় জাতীয় ঐক্য ভঙ্গুর হয়ে পড়বে, স্থায়ী হবে না। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তারা দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে সংলাপে বসবেন।
তবে সংলাপের বাইরে সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ১১ দলের অভিন্ন অবস্থান কতটা বজায় থাকবে, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে সরকারের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র, বিরোধিতার বিষয় এবং রাজপথের কর্মসূচি নির্ধারণে শরিক দলগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজন রয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য থাকলেও রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে প্রত্যেক দলের নিজস্ব অবস্থান রয়েছে। ফলে সরকারের কোনো সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত হলে জোটের পক্ষ থেকে যৌথভাবে প্রতিবাদ জানানো হবে, নাকি সংশ্লিষ্ট দল নিজস্ব অবস্থান থেকে কর্মসূচি দেবে, তা নির্ধারণের বিষয় রয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরও সংলাপের বিষয়ে জোটগত অবস্থানের কথা জানিয়েছেন। তার মতে, বৈঠক ও সংলাপ এক বিষয় নয়। সংলাপে দাবি উপস্থাপনের পাশাপাশি সমঝোতার পথ খোঁজার সুযোগ থাকতে হবে। এ ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নকে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছে ১১ দল। সরকার যদি টেকসই জাতীয় ঐক্য চায়, তাহলে জুলাই সনদ বাস্তবায়নকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ‘১১-দলীয় ঐক্য শুধু নির্বাচনী সমঝোতা বা কিছু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, গণতন্ত্র প্রতিষ্ঠা, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমাদের অভিন্ন অবস্থান রয়েছে। তবে প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ, নীতি ও সাংগঠনিক কর্মসূচি থাকবে।’
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে আমরা জনগণের প্রত্যাশা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে চাই। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নসহ রাষ্ট্র সংস্কারের বিষয়ে আন্তরিক হয়, তাহলে দেশের স্বার্থে সহযোগিতার সুযোগ রয়েছে। আমরা বিরোধী দল হিসেবে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেব, আবার জনস্বার্থে ভালো উদ্যোগকে সহযোগিতাও করব। সংলাপের পর সরকারের সঙ্গে সম্পর্ক কেমন হবে, তা অনেকাংশে নির্ভর করবে সরকারের মনোভাব ও সিদ্ধান্তের ওপর। তবে জাতীয় স্বার্থে ১১ দলের ঐক্য ও সমন্বিত অবস্থান বজায় রাখার বিষয়ে আমরা আশাবাদী।
https://slotbet.online/