রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আসন্ন ইউপি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রবিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দলগুলোর ইতিবাচক অবস্থান রয়েছে বলে মনে করছে কমিশন।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই কমিশনের লক্ষ্য। নির্বাচনের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। সম্মিলিতভাবে সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
নির্বাচনের প্রতিটি ধাপ যেন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
https://slotbet.online/