খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মুড়াপাড়া এলাকায় রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধরের অভিযোগ উঠেছে ইউপিডিএফের বিরুদ্ধে।
রোববার (১৪ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ৩ নম্বর সিন্দুকছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, ইউপিডিএফ (মূল) এর পোস্ট পরিচালক নিশান মারমার নেতৃত্বে তিনজন অস্ত্রধারী ব্যক্তি নতুন রাস্তা নির্মাণকাজে নিয়োজিত ১৫ জন বাঙালি ও একজন পাহাড়ি শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেন।
হামলার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয় সূত্রের ধারণা, প্রায় ৩ কিলোমিটার রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দকৃত প্রায় ৩ কোটি টাকার কাজ থেকে চাঁদা দাবি করা হয়েছিল। দাবি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় শ্রমিকদের ওপর হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে আনিছুর রহমান, খোকন হোসেন, সাদ্দাম হোসেন ও বেলাল হোসেনসহ মোট ১৬ জন রয়েছেন। তারা সবাই খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা এলাকার বাসিন্দা।
ঘটনার পর সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
https://slotbet.online/