চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। ঘটনার ১৪ দিন পর আদালতের নির্দেশে পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। তবে মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি ও সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্সচালকদের মধ্যে জড়িত অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এতে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩৮৪, ৪২০ ও ৫০৬ ধারার পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০/৯২(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) সোহেল পারভেজ।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে চমেক হাসপাতালকেন্দ্রিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে রোগী ও মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, বাইরের বৈধ অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা, চালকদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ উঠে আসে।
এসব অভিযোগ আমলে নিয়ে গত ৮ জুন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন। আদালত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) সরেজমিন তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি বাধা দেওয়ার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সিএমপির অতিরিক্ত উপকমিশনার তদন্ত করে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি রেকর্ড করা হয়েছে। ভিডিও ফুটেজে যাদের উপস্থিতি ও সম্পৃক্ততা দেখা গেছে, তাদের পর্যায়ক্রমে শনাক্ত করে মামলায় নাম অন্তর্ভুক্ত করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন বিকেলে চমেক হাসপাতালের পূর্ব গেটের ভেতরে এনসিপির একটি মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত সরে যায়।
হামলায় চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব আশিকুর রহমান আশিক, যুগ্ম সদস্যসচিব আসিফ চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন মারুফসহ কয়েকজন আহত হন।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, চমেক হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে একটি সক্রিয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ও মৃত ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করে আসছে। একই সঙ্গে বাইরের বৈধ অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ফিটনেস ও রুট পারমিটবিহীন সাধারণ মাইক্রোবাসে নীল বাতি ও সাইরেন ব্যবহার করে অ্যাম্বুলেন্স হিসেবে চালিয়ে প্রতারণার অভিযোগও তদন্তে উঠে এসেছে।
মামলায় দুইজন ভুক্তভোগীর অভিযোগও যুক্ত করা হয়েছে। তাদের একজন মোহাম্মদ আলী অভিযোগ করেন, তার বাবার মরদেহ চমেক হাসপাতাল থেকে ফটিকছড়িতে নিতে গিয়ে তাকে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয় এবং অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা হয়। অপর ভুক্তভোগী মুজিবুর রহমান জীবন অভিযোগ করেন, মরদেহ পরিবহনের জন্য তাকে নির্দিষ্ট সিন্ডিকেটের অ্যাম্বুলেন্স ব্যবহার করতে বাধ্য করা হয়েছিল।
চমেক হাসপাতালকেন্দ্রিক অ্যাম্বুলেন্স সেবার নামে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং রোগী-স্বজনদের হয়রানির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।