দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্রবিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, আবু সাঈদ, সদস্য সচিব তানভীর চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি শিশুদের মধ্যে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানান, ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে প্রায় সাড়ে ৪০০ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষকরা নিষ্ঠার সঙ্গে স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীদের পাঠদান ও পরিচর্যা করে আসছেন। তবে বিদ্যালয়টি এখনো পর্যাপ্ত সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা এবং সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুসহ সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের শিক্ষা ও বিকাশে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসার আহ্বান জানান।
https://slotbet.online/