স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে সরকারি কর্মকর্তাদের কাঙ্ক্ষিত স্থানে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন— এম আমিনুর রহমান শান্ত (৪৪) ও নিলুফা সুলতানা (৫৬)। তাদের মধ্যে নিলুফা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ব্যক্তিগত কর্মকর্তা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২২ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি সূত্র জানায়, গত ২০ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, এক ব্যক্তি বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের বদলি ও পদোন্নতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে যোগাযোগ করছেন।
একই সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পদায়নের নামে অবৈধ আর্থিক লেনদেনের চেষ্টাও চালানো হচ্ছিল।
অভিযোগ পাওয়ার পর ডিএমপি কমিশনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন অনুসন্ধান শুরু করে।
তদন্তের একপর্যায়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা এম আমিনুর রহমান শান্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানায় ডিবি। পরে তার হোয়াটসঅ্যাপ বার্তা বিশ্লেষণ করে চক্রের আরেক সদস্য নিলুফা সুলতানার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রমনা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ডিবি।
https://slotbet.online/