বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল এবারের বাজেটকে ‘কল্পনার বাজেট’ হিসেবে আখ্যায়িত করছে। তবে পরিকল্পনা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। বড় স্বপ্ন বাস্তবায়নের জন্য বড় পরিকল্পনা ও সুদূরপ্রসারী লক্ষ্য থাকা প্রয়োজন।
এর আগে সকাল ১১টায় বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
এ সময় ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আঞ্চলিক সমতা নীতির ভিত্তিতে পঞ্চগড়ের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করা হয়েছে। বোদায় মিনি স্টেডিয়াম নির্মাণ, শহরের সৌন্দর্যবর্ধনে সড়ক সংস্কার, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ মেট্রিক টন চাল এবং ৬০টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং বাঁধ নির্মাণের সম্ভাব্য স্থান যাচাই করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন।
https://slotbet.online/