বর্ষা মৌসুমের বৃষ্টিভেজা আবহাওয়া ও মাঝেমধ্যে প্রখর রোদ উপেক্ষা করে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষকেরা আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। সময়মতো আবাদ সম্পন্ন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রম করছেন তারা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের মহুগাঁও গ্রাম ঘুরে দেখা যায়, কৃষকেরা পানিতে নেমে সারিবদ্ধভাবে আমন ধানের চারা রোপণ করছেন। কোথাও পরিবারের সদস্যরা একসঙ্গে কাজ করছেন, আবার কোথাও শ্রমিক নিয়োগ করে জমিতে চারা লাগানো হচ্ছে। বৃষ্টি ও রোদের পালাবদলের মধ্যেও কৃষিজমিতে বিরাজ করছে কর্মচাঞ্চল্য।
স্থানীয় কৃষক আব্দুর রহমান বলেন, সময়মতো চারা রোপণ করতে পারলে ভালো ফলনের সম্ভাবনা বেশি থাকে। তাই বৈরী আবহাওয়ার মধ্যেও তারা আবাদে বিরতি দিচ্ছেন না। পর্যাপ্ত বৃষ্টি ও অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন তারা।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় ২৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন। উন্নত জাতের ধান চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে চলতি মৌসুমে আমনের ভালো ফলন পাওয়া যাবে। এতে কৃষকের উৎপাদন বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে বীরগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ আমন চারার সমারোহ নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। কৃষকদের নিরলস পরিশ্রম ও কৃষি বিভাগের সহযোগিতায় এবারও ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
https://slotbet.online/