‘মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো’- ফকির আলমগীরের বিখ্যাত গানের সেই লাইন। মা-বাবা আমাদের কত যত্ন-আদরে বড় করে তুলেছেন। অথচ তারা বৃদ্ধ হলে আমরা অনেকে তাদের ঠিকমতো দেখাশোনাই করতে চাই না। বিভিন্ন সময়ে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে, অসুস্থ বৃদ্ধা মাকে তাদের কুলাঙ্গার সন্তানরা রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে কিংবা মায়ের লাশ আটকে রেখে সম্পত্তির ভাগবাটোয়ারায় ছেলেদের মধ্যে হাতাহাতির ঘটনাও আছে। তবে সাম্প্রতিক সময়ে রাজধানীর মিরপুরের এক ফ্ল্যাটে নূরজাহান নামের ৭৫ বয়সী এক বৃদ্ধা মায়ের অর্ধগলিত ও পোকায় ধরা লাশ উদ্ধার করা হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। সেই মা একা ঘরে কবে মারা গেছেন বলতে পারেন না তার প্রতিষ্ঠিত সন্তানরা। সেই মায়ের সন্তানদের একজন সরকারের যুগ্ম সচিব, আরেকজন বুয়েটের শিক্ষক, অন্যজন কানাডাপ্রবাসী। মেয়ের জামাইও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। অথচ এই ‘সফল’ সন্তানদের জন্মদাত্রী মা নূরজাহান নিজের ঘরেই মরে পড়ে রইলেন চরম অবহেলায়। বৃদ্ধা নূরজাহান বেগম মিরপুরের ওই ফ্ল্যাটে তার মেয়ের সঙ্গেই থাকতেন। কিন্তু ফ্ল্যাটের ভেতরে তাকে রাখা হয়েছিল সম্পূর্ণ আলাদা, অগোছালো এবং আবর্জনায় ভরা এক অন্ধকার কক্ষে। ধারণা করা হচ্ছে, একই ফ্ল্যাটে বসবাস করেও গত কয়েকদিন মায়ের কোনো খোঁজ নেননি মেয়ে বা পরিবারের অন্য সদস্যরা। এই ঘটনা সামনে আসার পর থেকেই সমাজ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় আর চরম অসন্তোষ। ‘যুগ্ম সচিব আর বুয়েটের প্রফেসর হয়ে কী লাভ হলো, যদি নিজের মায়ের খবর রাখার মতো সময় বা যোগ্যতা না থাকে? এরা সমাজের বড় বড় জায়গায় লেকচার দেয়, অথচ নিজেদের মা ঘরের কোনায় পচে মরছেন তা জানে না!’
অবশ্য সরকারের পক্ষ থেকে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার মায়ের প্রতি অবহেলা ও মৃত্যুর পর তাকে অস্বীকার করার অভিযোগে। তাকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
সব ধর্মেই মাকে সন্তানের সর্বোচ্চ আসনে রাখার কথা বলা হয়েছে। বার্ধক্যে মানুষের শারীরিক ও মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। মা তখন অনেক সময় শিশুদের মতো আচরণ করেন। কথায় কথায় অভিমান, জেদ বা বারবার একই কথা বলা তাদের স্বভাবের অংশ হয়ে ওঠে। অনেকেই বৃদ্ধ বয়সে ডিমেনশিয়া বা সিজোফ্রেনিয়ায় ভোগেন। সন্তানরা যত্নে, ভালোবাসায় আগলে রাখবে। এসবকে বিরক্তিকর মনে করলেই মা ‘বোঝা’ হয়ে ওঠেন। দায়িত্ব ও কৃতজ্ঞতাবোধের অভাবে সন্তানের জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া মা জীবনের শেষ সময়ে এসে একা হয়ে যান। অতিরিক্ত দায়িত্ব মনে করে তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসা বা অবহেলা করার প্রবণতা বাড়ছে।
নূরজাহান বেগমের মরদেহ পুলিশ উদ্ধারের পর আবার আলোচনায় এসেছে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইনটি। ২০২৩ সালে এ আইনের বিধিমালাও করা হয়। আইনে বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে পিতা-মাতার প্রতি দায়িত্ব পালন ও ভরণপোষণ নিশ্চিত করতে হবে। ভরণপোষণ বলতে শুধু অন্ন, বস্ত্র ও চিকিৎসা নয়; বরং মা-বাবাকে নিয়মিত সঙ্গ দেওয়া এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খোঁজখবর রাখাও সন্তানের আইনি দায়িত্ব। কোনো সন্তান মা-বাবার ইচ্ছার বিরুদ্ধে তাদের বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও একত্রে বা আলাদাভাবে থাকতে বাধ্য করতে পারবেন না। মা-বাবা সন্তানদের সঙ্গে না থেকে আলাদা বসবাস করলে সন্তানরা তাদের আয়রোজগার থেকে যুক্তিসংগত পরিমাণ অর্থ নিয়মিত প্রদান করতে বাধ্য। কোনো পিতা-মাতার একাধিক সন্তান থাকলে সন্তানরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ভরণপোষণ নিশ্চিত করবেন। বাবা না থাকলে দাদা-দাদির এবং মা না থাকলে নানা-নানির ভরণপোষণও সন্তানদের নিশ্চিত করতে হবে। পিতা ও মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখবেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করবেন। আইন না মানলে অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন বা অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।
এ ক্ষেত্রে সন্তান হিসেবে আমাদের করণীয় হতে পারে- ধৈর্য ধারণ করা। ছোটবেলায় মা যেভাবে সন্তানের প্রতিটি ভুল ও জেদ সহ্য করেছেন, বড় হয়ে সন্তানদেরও তার প্রতিদান হিসাবে মা-বাবার প্রতি ধৈর্যশীল হওয়া উচিত। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন মায়ের সঙ্গে কিছু সময় কাটানো, তাদের কথা শোনা এবং তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি।
সন্তানকে তিল তিল করে বড় করা মা শেষ বয়সে যখন নিজের অসহায়ত্বের কারণে সন্তানের কাছে ‘বোঝা’ হয়ে ওঠেন, তখন তা কেবল একটি পারিবারিক সংকট নয়, বরং চরম মানবিক বিপর্যয়। এই নিষ্ঠুর বাস্তবতা প্রতিরোধে আমাদের পারিবারিক মূল্যবোধ ও মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি।
(তথ্যসূত্র : ইন্টারনেট)
https://slotbet.online/