লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হাসান হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তার সহপাঠীরা।
শনিবার (২০ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমি প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা “রক্ত লাগলে রক্ত নে, মেহেদিকে ফিরিয়ে দে”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”সহ বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করে বলেন, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়নি। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১৬ জুন রামগঞ্জ উপজেলার ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে মোবাইল চুরির অপবাদ দিয়ে একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী মারধর করে। পরে তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নিহত মেহেদীর বাবা গত বৃহস্পতিবার বিদ্যালয়ের অধ্যক্ষ খন্দকার আব্দুল মন্নানসহ ১৮ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে শুক্রবার (১৯ জুন) মেহেদি হত্যার ঘটনায় বিদ্যালয়টি পরিদর্শন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং নোয়াখালী-১ (চাটখিল) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। পরিদর্শনকালে তারা বিভিন্ন অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মেহেদি হত্যার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
https://slotbet.online/