রাঙ্গামাটি সদরের রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই কর্ণফুলী নদী থেকে নিখোঁজ এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার (২১ জুন) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
নিহত মুক্তা বড়ুয়া (২৮) রাঙ্গামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
নিহতের স্বামী অভিজিৎ বড়ুয়া জানান, গত শুক্রবার ভোরে পরিবারের অজান্তে মুক্তা বড়ুয়া বাসা থেকে বের হয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এলাকার এক শিশু কর্ণফুলী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।
খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. গিয়াস উদ্দিন বলেন, “সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, নিখোঁজ হওয়ার বিষয়ে এর আগে নিহতের স্বামী ও পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। প্রাথমিকভাবে পরিবার জানিয়েছে, মুক্তা বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
https://slotbet.online/