রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন
মো. শাকিল (ঢাকা)
/ ৪৬
Time View
প্রকাশকাল :
শনিবার, ২০ জুন, ২০২৬
Share
রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন দুপুর পৌনে ২টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীতে নিজ বাসার কাছে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হন পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, ঘটনার পর পলাশের স্ত্রী মাহমুদা খানম হাতিরঝিল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় জিসান আহমেদ মন্টি নামে একজনকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।