• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

মহাকাশে ভাসবে মাস্কের ১০ লাখ ডেটা স্যাটেলাইট

অনলাইন ডেস্ক / ২১ Time View
প্রকাশকাল : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবার পৃথিবীর বাইরে মহাকাশেই ডেটা সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তার মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সকে পৃথিবীর কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের লক্ষ্যে এত বিপুল সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন এটাই প্রথম। তবে এ পরিকল্পনা নতুন প্রযুক্তিগত সম্ভাবনা তৈরি করলেও মহাকাশের পরিবেশ, জ্যোতির্বিজ্ঞান গবেষণা ও স্যাটেলাইটের সংঘর্ষের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 

‘স্টারমাইন্ড’ নামের এ প্রকল্পের আওতায় স্যাটেলাইটগুলো সূর্যের আলো থেকে শক্তি নিয়ে পরিচালিত হবে। এগুলোতে এআইয়ের তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফল পৃথিবীতে পাঠানো হবে। গত বুধবার এফসিসি জানিয়েছে, প্রকল্পটি যুক্তরাষ্ট্রের সুপার ইন্টেলিজেন্স অর্থনীতির বিকাশে সহায়তা করবে। এফসিসির অনুমোদন অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অন্তত ১০ শতাংশ এবং ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ স্যাটেলাইট উৎক্ষেপণ করতে হবে।

বর্তমানে ১০ হাজারের বেশি স্যাটেলাইট নিয়ে পৃথিবীর নিম্ন কক্ষপথে পরিচালিত হচ্ছে স্পেসএক্সের স্টারলিংক নেটওয়ার্ক। স্টারমাইন্ডের স্যাটেলাইটগুলোও ৫০০ থেকে ২ হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে।

তবে এ পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। তাদের আশঙ্কা, বিপুল সংখ্যক উজ্জ্বল স্যাটেলাইট রাতের আকাশ পর্যবেক্ষণ ও জ্যোতির্বিজ্ঞান গবেষণায় বাধা সৃষ্টি করবে।

অন্যদিকে অ্যামাজন এ পরিকল্পনাকে বাস্তবসম্মত উদ্যোগের চেয়ে উচ্চাভিলাষী কল্পনা বলে সমালোচনা করেছে। বিশেষজ্ঞদের মতে, মহাকাশে ডেটা সেন্টার স্থাপন প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও এর ব্যয়, তথ্য আদান-প্রদান এবং স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষের ঝুঁকি বড় চ্যালেঞ্জ। এদিকে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের ধারণা নিয়ে গুগল ও ব্লু অরিজিনও কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/